বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সিরিজ উৎসব সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল-এর ‘Women in Series’ বিভাগে নির্বাচিত বাংলাদেশের প্রথম সিরিজ ‘অ্যানি’। এবার দেশের দর্শকদের জন্য আসছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন মুক্তি পাচ্ছে সিরিজটি। নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ পরিচালিত এবং নাজিফা তুষি অভিনীত এই মিনি সিরিজটি শিগগিরই মুক্তি পাবে।
এ উপলক্ষে গত ২৯ জুলাই আইস্ক্রিনের প্রধান কার্যালয়ে নির্মাতা ও প্রযোজকদের উপস্থিতিতে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ, প্রযোজক এহসানুল হক বাবু, সহ-প্রযোজক শিহাব নূরুন নবী, তানভীর হোসেনসহ সংশ্লিষ্টরা।
প্রযোজক এহসানুল হক বাবু বলেন, "সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যালে প্রদর্শনের পর এবার আইস্ক্রিনের মাধ্যমে দেশের দর্শকদের কাছেও 'অ্যানি' পৌঁছে দিতে পারছি, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমরা বিশ্বাস করি, দর্শক সিরিজটির গল্প, নির্মাণশৈলী ও অভিনয়ে এক ভিন্নধর্মী অভিজ্ঞতা পাবেন।"
‘অ্যানি’র নাম ভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি। এছাড়া আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠু, নাজাহসহ অনেকেই।
উল্লেখ্য, গত ৯ জুন জার্মানির কোলন শহরে অনুষ্ঠিত সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যালে ‘অ্যানি’র বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। শুধু সিরিজ প্রদর্শনের জন্য নিবেদিত এই আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের কোনো সিরিজ প্রথমবারের মতো স্থান করে নেয় ‘অ্যানি’র মাধ্যমে। বিশেষ করে উৎসবের ‘Women in Series’ বিভাগে নির্বাচিত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনায় আসে সিরিজটি।
‘মেট্রোভিডিও’, ‘ক্যাটালগ’, ‘জিরেল’ ও ‘অডেশাস অরিজিনালস’-এর ব্যানারে নির্মিত ‘অ্যানি’ সিরিজটির প্রযোজক এহসানুল হক বাবু ও আলি আফজাল উজ্জ্বল। সহ-প্রযোজক হিসেবে রয়েছেন শিহাব নূরুন নবী, তুহিন তামিজুল, তানভীর হোসেন, জোহান চ্যাপেলান, সাইফুল ইসলাম ও রায়হান সিকদার। নির্বাহী প্রযোজক অপূর্বা বকশি।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.