
নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের অটোরিকশার ধাক্কায় মোছা. মাজেদা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ জুলাই) দুপুর ৩টার দিকে নীলফামারীর পল্লী বিদুৎ অফিসের সামনে এদুর্ঘটনাটি ঘটে।
নিহত মাজেদা বেগম নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পূর্ব শালহাটি এলাকার (আবুল চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন) রহিমুল ইসলামের স্ত্রী। তিনি দুই ছেলে ও এক মেয়ের জননী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নীলফামারী জেলা পল্লী বিদ্যুৎ অফিসে বিদ্যুৎ বিল পরিশোধ করে অফিস থেকে বের হওয়ার পর সড়ক পার হচ্ছিলেন মাজেদা বেগম। এ সময় দ্রুতগতির একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ‘পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত অটোরিকশার চালককে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.