মার্কিন বিনিয়োগ ব্যাংক হুলিহান লোকির প্রকাশিত '২০২৬ আইপিএল ব্র্যান্ড ভ্যালুয়েশন স্টাডি' অনুযায়ী, বিশ্বের সবচেয়ে ধনী টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মোট ব্যবসায়িক মূল্য ১১.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে রেকর্ড ২০.৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
২০০৮ সালে অভিষেকের পর থেকে দশ দলের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের আকৃষ্ট করার পাশাপাশি ব্রডকাস্ট সত্ত্ব, স্পন্সরশিপ, মার্চেন্ডাইজিং ও ফ্র্যাঞ্চাইজি বিনিয়োগের সমন্বয়ে অত্যন্ত লাভজনক একটি বাণিজ্যিক মডেল তৈরি করেছে।
চলতি বছরেই লিগের দুই ঐতিহ্যবাহী ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং রাজস্থান রয়্যালসের মালিকানা পরিবর্তন আইপিএলের প্রতি বিশ্বমানের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ক্রমাগত আগ্রহের প্রমাণ দেয়।
মার্চ মাসে ব্ল্যাকস্টোন, বোল্ট ভেঞ্চার্স, আদিত্য বিড়লা গ্রুপ এবং টাইমস অব ইন্ডিয়া গ্রুপের সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়াম রেকর্ড ১.৭৮ বিলিয়ন ডলারে ফ্র্যাঞ্চাইজিটি অধিগ্রহণ করে, যা আইপিএল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ট্রানজেকশন। মে মাসে মিত্তাল পরিবার ও আদর পুনাওয়ালা ১.৬৫ বিলিয়ন ডলারে রাজস্থান রয়্যালস কিনে নেন।
প্রতিবেদন অনুযায়ী, টানা দ্বিতীয় বছরের মতো আইপিএলের ব্যবসায়িক মূল্যে দুই অঙ্কের ধারাবাহিক প্রবৃদ্ধি দেখা গেছে। কেবল আইপিএলের নিজস্ব ব্র্যান্ড মূল্য ১০.৩% বেড়ে ৪.৩ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। ২০২৫ ও ২০২৬ মৌসুমের ব্যাক-টু-ব্যাক ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৩১২ মিলিয়ন ডলার ব্র্যান্ড মূল্য নিয়ে লিগের সবচেয়ে প্রভাবশালী ও মূল্যবান ফ্র্যাঞ্চাইজির মর্যাদা ধরে রেখেছে।
ব্যাঙ্গালোরের পর তালিকার পরবর্তী স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স (২৬৪ মিলিয়ন), কলকাতা নাইট রাইডার্স (২৪৫ মিলিয়ন) এবং চেন্নাই সুপার কিংস (২৪৪ মিলিয়ন)।
হুলিহান লোকির ফিন্যান্সিয়াল অ্যান্ড ভ্যালুয়েশন অ্যাডভাইজরি বিজনেসের ডিরেক্টর হর্ষ তালিকোটি বলেন, "আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর মূল্যায়ন এখন নতুন উচ্চতায় পৌঁছেছে এবং বেসরকারি পুঁজির অংশগ্রহণ আরও ত্বরান্বিত হয়েছে। আইপিএল এখন আর কেবল ক্রিকেট টুর্নামেন্ট নয়; এটি স্পোর্টস, মিডিয়া ও কনজিউমার ইকোসিস্টেমের এক অনন্য মিলনস্থল, যার পেছনে রয়েছে নিশ্চিত রাজস্ব এবং দ্রুত ক্রমবর্ধমান আন্তর্জাতিক দর্শকপ্রিয়তা।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.