ব্রাজিলের হয়ে দীর্ঘ ১৬ বছরের পথচলার ইতি টেনে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ব্রাজিল জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার।
২০২৬ বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর তার আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে যে জল্পনা-কল্পনা চলছিল, কোপা সুদামেরিকানায় ভেনিজুয়েলার ক্লাব ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিরুদ্ধে সান্তোসের ৪-২ ব্যবধানে জয়ের পর সেটিরই ইতি টানেন ৩৪ বছর বয়সি এই তারকা। খবর গোল ডটকমের।
পাঁচবারের বিশ্বজয়ী ব্রাজিলের হয়ে সদ্য সমাপ্ত বিশ্বকাপের শেষ ১৬-এর পর্বে নরওয়ের কাছে হেরে বিদায় নেওয়া ম্যাচটিই তাই শেষ পর্যন্ত জাতীয় দলের জার্সিতে তার শেষ ম্যাচ হয়ে থাকল।
অভিজ্ঞ এই ফরোয়ার্ড জানান, জাতীয় দলকে বিদায় জানাতে গিয়ে তার মনে কোনো অনুশোচনা নেই; কারণ দেশের প্রতিনিধিত্ব করার সময় তিনি সবসময় নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন।
ম্যাচ শেষে ‘গোল ডটকম’-এর বরাতে নেইমার বলেন, ‘জাতীয় দলে আমার সময় শেষ। আমি ইতিহাস তৈরি করেছি, আমি অত্যন্ত আনন্দিত ছিলাম, নিজের রক্ত ও জীবন দিয়েছি এবং সবসময়ই হলুদ জার্সির জন্য লড়াই করেছি। তবে এখন আমি আর চালিয়ে যেতে চাই না।’
এই ঘোষণার মাধ্যমে ব্রাজিলীয় ফুটবলের অন্যতম সেরা ও জমকালো আন্তর্জাতিক ক্যারিয়ারের অবসান ঘটল। ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে ক্যারিয়ার শেষ করা নেইমার চারটি বিশ্বকাপসহ কোপা আমেরিকা এবং অলিম্পিক প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করেছেন।
আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর পর এখন তার সব নজর ক্লাব ফুটবল সান্তোসের দিকে। সেখানে একটি লিগ ম্যাচের পর ড্রেসিংরুমে দলের তরুণ সতীর্থদের সমালোচনা ও ভয় দেখানোর যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল, ম্যাচ শেষে সে বিষয়েও কথা বলেন তিনি।
ব্রাজিলের সাবেক এই অধিনায়ক সেই প্রতিবেদনগুলো উড়িয়ে দিয়ে বলেন, ম্যাচ শেষের মন্তব্যগুলো কেবল দলের কাছ থেকে আরও ভালো পারফরম্যান্স ও মান নিশ্চিত করার জন্য ছিল।
নেইমার বলেন, ‘বিষয়টি দুঃখজনক ও বিরক্তিকর, তবে এতে আমার কোনো দোষ নেই। এই ধরণের খবর বহু মানুষের কাছে পৌঁছে যায়। আমি ম্যাচের পর কথা বলেছি, আরও ভালো খেলার কথা বলেছি এবং বলেছি যে আমাদের এত অসতর্ক হওয়া চলবে না।
আপনি এভাবে কোনো ম্যাচ ড্র করতে পারেন না। দলের অধিনায়ক হিসেবে তা বলার পূর্ণ অধিকার আমার রয়েছে।’
মাঠের বাইরের এসব বিতর্ক সত্ত্বেও, কোপা সুদামেরিকানায় ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিরুদ্ধে সান্তোসের ৪-২ ব্যবধানের জয়ে বড় ভূমিকা রাখেন নেইমার। এই জয়ের মাধ্যমে ব্রাজিলীয় ক্লাবটি টুর্নামেন্টের নকআউট পর্বে (শেষ ১৬) জায়গা করে নিয়েছে, যেখানে তারা ইকুয়েডরের ক্লাব ম্যাকারার মুখোমুখি হবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.