
নাটোরে ভ্যানচালককে হত্যা করে ভ্যান ছিনতাইয়ের আট বছর আগের আলোচিত মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। অনাদায়ে তাদের আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। একই সঙ্গে মামলার অপর একটি ধারায় তাদের আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া মামলার আরেক আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সব দণ্ড একসঙ্গে কার্যকর হবে।
বুধবার(২২ জুলাই )নাটোরের জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন বাগাতিপাড়া উপজেলার বগুনিয়া গ্রামের শরিফুল ইসলাম, মাজেদুল মণ্ডল, মো. রানা এবং কুড়িগ্রাম জেলার রাজাহাট উপজেলার লিটন ওরফে মিঠুন মণ্ডল। তাদের মধ্যে রানা শুরু থেকেই পলাতক রয়েছেন। অপরদিকে রাজশাহীর বাঘা উপজেলার ইয়াকুব আলীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর রাতে রাজশাহীর বাঘা উপজেলার বড়বাড়িয়া গ্রামের ১৬ বছর বয়সী ভ্যানচালক প্রান্তকে বাগাতিপাড়ার পাঁকা বাজারে যাওয়ার কথা বলে ভাড়া করা হয়। এরপর সে আর বাড়ি ফেরেনি। পরদিন সকালে বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামের একটি ফসলি জমি থেকে হাত-পা বাঁধা ও মুখে কাপড় গুঁজে শ্বাসরোধে হত্যা করা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের বাবা জিয়া সরদার বাগাতিপাড়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর আদালতের পিপি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.