
‘বৃক্ষরোপণ সাজাই দেশ, সমৃদ্ধ হোক বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ মানুষের জন্য অক্সিজেন, খাদ্য ও বিভিন্ন সম্পদের গুরুত্বপূর্ণ উৎস হওয়ায় সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম এবং নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইখতিয়ার আলম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াতের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক জাহিদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে আয়োজিত ১০ দিনব্যাপী এ বৃক্ষমেলা প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের ১৭টি স্টল অংশগ্রহণ করেছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.