২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হতেই নতুন মৌসুমের দল গঠনের কাজ জোরেশোরে শুরু করেছে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা। আক্রমণভাগ শক্তিশালী করতে কাতালান ক্লাবটির প্রথম পছন্দ এখনও আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। তবে তাকে দলে টানার চেষ্টা অনির্দিষ্টকাল চালিয়ে যেতে রাজি নয় বার্সা। তাই সম্ভাব্য এই দলবদলের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে ক্লাবটি।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার তথ্য অনুযায়ী, আলভারেজকে দলে ভেড়ানোর বিষয়ে ৩১ জুলাই পর্যন্ত অপেক্ষা করবে বার্সেলোনা। এই সময়ের মধ্যে যদি কোনো সমঝোতা না হয়, তাহলে বিকল্প স্ট্রাইকার খোঁজার দিকেই পুরোপুরি মনোযোগ দেবে হানসি ফ্লিকের দল।
তবে বার্সেলোনার পরিকল্পনা বাস্তবায়ন সহজ হচ্ছে না। কারণ আলভারেজকে ছাড়ার বিষয়ে নিজেদের অবস্থানে অনড় রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। ক্লাবটির প্রধান নির্বাহী মিগেল অ্যাঞ্জেল গিল মারিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আর্জেন্টাইন ফরোয়ার্ড বিক্রির জন্য নন। এমনকি ১০০, ১৫০ কিংবা ২০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব এলেও ক্লাবের সিদ্ধান্ত বদলাবে না।
এ পরিস্থিতিতে বার্সেলোনার বিশ্বাস, আলোচনার পথ খুলতে হলে আলভারেজকেই ক্লাব ছাড়ার ইচ্ছা আরও স্পষ্টভাবে প্রকাশ করতে হবে। যদিও সম্প্রতি তিনি দলবদল নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছিলেন এবং বলেছিলেন, পরিবর্তন সবার জন্যই ভালো হতে পারে। তবে সাম্প্রতিক সময়ে এ বিষয়ে তার অবস্থান আগের তুলনায় অনেক বেশি সতর্ক ও সংযত।
বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তাও এ বিষয়ে ক্লাবের অবস্থান পরিষ্কার করেছেন। তার মতে, আর্থিক সীমাবদ্ধতার কারণে নির্দিষ্ট সীমার বাইরে গিয়ে কোনো প্রস্তাব দেয়া সম্ভব নয়। তাই জুলাই মাসের শেষ পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করবে ক্লাবটি। এরপর আর আলভারেজকে নিয়ে সময় নষ্ট না করে অন্য পরিকল্পনায় এগিয়ে যাবে বার্সা।
আলভারেজকে দলে ভেড়ানো সম্ভব না হলে বিকল্প স্ট্রাইকারের দিকেই নজর দেবেন কোচ হানসি ফ্লিক। সম্ভাব্য তালিকায় রয়েছেন ফরাসি তরুণ ফরোয়ার্ড এলি জুনিয়র ক্রুপি এবং স্লোভেনিয়ার স্ট্রাইকার বেঞ্জামিন সেসকো। তাদের মধ্যে একজনকে দলে আনার সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে।
তবে নতুন কোনো ফরোয়ার্ডকে দলে ভেড়ানো সম্ভব না হলে বর্তমান স্কোয়াড থেকেই সমাধান বের করার পরিকল্পনা রয়েছে বার্সেলোনার। সে ক্ষেত্রে স্প্যানিশ মিডফিল্ডার দানি ওলমোকে ফলস নাইন হিসেবে ব্যবহার করা হতে পারে। পাশাপাশি ফেরান তোরেসও কেন্দ্রীয় আক্রমণভাগে দায়িত্ব পালন করতে পারেন।
এ ছাড়া দীর্ঘমেয়াদি পরিকল্পনায় লামিনে ইয়ামালকে কেন্দ্রীয় আক্রমণভাগে খেলানোর বিষয়টিও ভাবছে ক্লাবটি। বার্সেলোনার বিশ্বাস, লিওনেল মেসির মতো ইয়ামালও অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে উইং ছেড়ে মাঝমাঠঘেঁষা আক্রমণভাগে আরও কার্যকর ফুটবলার হয়ে উঠতে পারেন।
সব মিলিয়ে বার্সেলোনার কাছে এখন অগ্রাধিকার একটাই জুলাইয়ের শেষ হওয়ার আগেই যদি আলভারেজকে ন্যু ক্যাম্পে আনা সম্ভব হয়, তাহলে সেটিই হবে তাদের সবচেয়ে বড় সাফল্য। আর তা না হলে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পরই বিকল্প পরিকল্পনা বাস্তবায়নে নেমে পড়বে কাতালান ক্লাবটি।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.