জয়পুরহাটে পেটের ভেতরে বিশেষ কায়দায় বহন করা ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (১৮ জুলাই) দুপুরে জেলার ক্ষেতলাল উপজেলার ইটাখোলা বাজার এলাকার গোপীনাথপুর-তুলশীগঙ্গা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্যাটারিচালিত একটি অটোরিকশা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি মুকুল হোসেন (৩৫) জয়পুরহাট সদর উপজেলার জামালপুর গ্রামের দুধিয়াপাড়া এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।
ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে তার আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জয়পুরহাট শহরের একটি বেসরকারি ক্লিনিকের এক্স-রে বিভাগে নেওয়া হয়। সেখানে এক্স-রে পরীক্ষায় তার পেটের ভেতরে কয়েকটি প্যাকেটের অস্তিত্ব ধরা পড়ে।
পরে চিকিৎসকদের সহযোগিতায় তার পেট থেকে পাঁচটি প্যাকেটে থাকা মোট ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবা জব্দ করেছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুকুল ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। পরে আসামি ও জব্দ করা আলামত থানায় হস্তান্তর করা হয়েছে।
জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.