কুয়েতের সেনাবাহিনী দাবি করেছে, বৃহস্পতিবার ইরান দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে ৩২টি ড্রোন ছুড়েছিল। তবে সব ড্রোন প্রতিহত করা হয়েছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সাউদ আল-আতওয়ান এক বিবৃতিতে জানান, ড্রোনগুলো শনাক্ত করে প্রতিহত করা হয়েছে। প্রতিহত করার সময় ধ্বংসাবশেষ পড়ে কিছু স্থাপনার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কুয়েতের সেনাবাহিনীর বরাতে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এবং নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষায় কুয়েতের সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।
এর আগে বৃহস্পতিবার ভোরে ইরানের সামরিক বাহিনী দাবি করে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন রাডার ও আকাশ প্রতিরক্ষা স্থাপনাগুলোতে তারা হামলা চালিয়েছে।
হরমুজ প্রণালি ঘিরে সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারক সই হলেও, দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.