
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ১১ বছরের এক বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে হেলাল উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর (কিশোরপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত হেলাল উদ্দিন ওই গ্রামের মৃত ঈমান আলীর ছেলে।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ভুক্তভোগী শিশুর বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী হেলাল উদ্দিন তাকে ১০০ টাকার প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে নিয়ে যায়। বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে প্রতিবেশী সাজু মিয়ার একটি জনশূন্য বাড়িতে নিয়ে টিউবওয়েলের পাশে বাথরুমের ভেতরে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করতে থাকে।
ঐ সময় শিমি বেগম (২৮) নামে এক নারী ওই টিউবওয়েলে পানি আনতে গেলে ঘটনাটি দেখতে পান। তার চিৎকার শুনে ভুক্তভোগীর আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং অভিযুক্ত হেলাল উদ্দিনকে হাতেনাতে আটক করেন। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, প্রতিবেশী হওয়ার সুবাদে হেলাল উদ্দিন প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করতেন। সেই সুযোগ নিয়ে তিনি এই জঘন্য কাজ করেছেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.