
গাইবান্ধার গোবিন্দগঞ্জে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। রোববার (১৪ জুলাই) রাতে গোবিন্দগঞ্জ পৌরসভার মায়ামনি চারমাথা মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার বালাটারী গ্রামের মৃত জহিদুর মিয়ার ছেলে হযরত আলী (৬০) এবং পাবনা জেলার সদর থানার মহেন্দ্রপুর (মহিষগাড়া) গ্রামের আব্দুস সালামের স্ত্রী শাহানাজ বেগম (৪৮)।
পুলিশ সূত্রে জানা যায়, ১৪ জুলাই রাতে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি টিম পৌর এলাকায় রাত্রিকালীন মোবাইল ডিউটি করছিল। রাত ৮টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, পৌরসভার ৫নং ওয়ার্ডের বুজরুক বোয়ালিয়া মৌজাস্থ মায়ামনি চারমাথা মোড় নামক স্থানে রংপুর-ঢাকা মহাসড়কের পাশে মাদক কেনাবেচা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই দুইজনকে তল্লাশি করে। এসময় তাদের হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাদের গ্রেফতার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.