
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হকের পদত্যাগের দাবিতে সারা দেশের মতো লালমনিরহাটেও বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে লালমনিরহাট শহরের মিশন মোড় গোলচত্বরে প্রায় এক ঘণ্টাব্যাপী অবস্থান নিয়ে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ফলে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি শিক্ষা-সংক্রান্ত সাম্প্রতিক ইস্যুতে সরকারের দৃষ্টি আকর্ষণেরও আহ্বান জানান তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচিতে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন। তবে তাদের হাতে কোনো ব্যানার, ফেস্টুন বা নির্দিষ্ট কোনো সংগঠনের পরিচয়সংবলিত উপকরণ দেখা যায়নি।
কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং যান চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেন। প্রায় এক ঘণ্টা পর শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল আবার স্বাভাবিক হয়ে আসে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.