
নীলফামারীতে ছয় মাসে ভিসা প্রতারণা, অনলাইন জুয়া ক্যাসিনো ও থাই জুয়া সংক্রান্ত ২২ টি সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এসব মামলায় মোট ৬১ জন প্রতারককে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) এ এবি এম ফয়জুল ইসলাম।
জানা যায়, দীর্ঘদিন ধরে জেলার সৈয়দপুর, কিশোরগঞ্জ, ও সদর উপজেলায় ভিসা প্রতারণা, থাই জুয়া ও ক্যাসিনো জুয়ার একটি চক্র গড়ে উঠেছে। চক্রের সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে বাড়িতে বসে বাহিরের দেশে উচ্চ মূ্ল্যের বেতন দেওয়ার প্রলোভনে বিজ্ঞাপন প্রচার করে। পরে বিদেশ যেতে আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করলে তাদের ভুয়া কাগজপত্র, পাসপোর্ট, ভিসা দিয়ে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। অপরদিকে এ চক্রের সদস্যরা অনলাইনে থাই জুয়া ও ক্যাসিনো জুয়ার ওয়েবসাইট পরিচালনা করে আসছে। বিষয়টি প্রকাশ্যে আসার পরে জেলা পুলিশ প্রতারণা চক্রের সদস্যদের গ্রেপ্তার করতে সক্রিয় হয়৷ এতে গত জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত জেলার তিন উপজেলা থেকে ৬১ জন প্রতারককে গ্রেপ্তার করে ২২ টি সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। সে মামলায় ৮১ জন এজাহার নামীয় ও প্রায় ২০০ জন অজ্ঞাত আসামী রয়েছে।
এবিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) এ এবি এম ফয়জুল ইসলাম বলেন, আমরা ভিসা প্রতারণা, থাই জুয়া, ক্যাসিনো জুয়ারীদের গ্রেপ্তার করতে সজাগ রয়েছি। তথ্য পেলেই সেখানে অভিযান পরিচালনা করছি। ইতোমধ্যে গত ছয় মাসে ২২ টি সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.