নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী বাইপাস স্টেশন সংলগ্ন ডহরশলা এলাকায় পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন একতা এক্সপ্রেস (৭০৫ আপ) লাইনচ্যুত হওয়ার ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনার পর ঢাকা-রাজশাহী-রংপুর-পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। এতে শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন এবং বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়ে।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্র জানায়, ঈশ্বরদী বাইপাস থেকে আজিমনগর রেলস্টেশনের মধ্যবর্তী ডহরশলা এলাকায় পৌঁছালে একতা এক্সপ্রেসের কয়েকটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়। বিকট শব্দে ট্রেনটি কেঁপে ওঠে এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক যাত্রী দ্রুত বগি থেকে নেমে নিরাপদ স্থানে আশ্রয় নেন। প্রাথমিকভাবে বড় ধরনের হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও দুর্ঘটনার কারণে রেলপথে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে।
দুর্ঘটনার পরপরই ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। ফলে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী এবং উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বেশ কয়েকটি আন্তঃনগর ও মেইল ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। যাত্রীদের অনেকেই বিকল্প পরিবহনের খোঁজে স্টেশন ত্যাগ করতে বাধ্য হন। বিশেষ করে নারী, শিশু, বৃদ্ধ ও দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
ঈশ্বরদী বাইপাস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার আব্দুল আলিম জানান, দুর্ঘটনাটি ঈশ্বরদী বাইপাস ও আজিমনগর স্টেশনের মধ্যবর্তী ডহরশলা এলাকায় ঘটেছে। ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হওয়ায় ওই রুটে রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে।
তিনি আরও জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পাকশী ও ঈশ্বরদী লোকোশেড থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। রেলওয়ের প্রকৌশলী, কারিগরি কর্মকর্তা ও উদ্ধারকারী কর্মীরা দ্রুত লাইন সচল করতে কাজ শুরু করেছেন। ক্ষতিগ্রস্ত বগি উদ্ধার এবং রেললাইন মেরামতের কাজ শেষ না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে না।
রেলওয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। উদ্ধারকাজ শেষে রেললাইন ও বগির কারিগরি অবস্থা পরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন। রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন করে রেল চলাচল স্বাভাবিক করার আশ্বাস দিলেও কখন পুরোপুরি পরিস্থিতি স্বাভাবিক হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.