ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় তিনটি কবরের কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উপজেলার ভেলাতৈড় যৈদ্দপীর গোরস্থানে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা দাবি করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভেলাতৈড় ভদ্রপাড়া গ্রামের মাহফুজুর রহমান মুকুল মারা গেলে শনিবার দুপুরে তাকে ওই গোরস্থানে দাফন করা হয়। দাফন শেষে স্বজনরা বাড়ি ফেরার সময় গোরস্থানের একটি কবরের পাশে মাটির ওপর মানুষের চুল ও দাঁত সদৃশ কিছু দেখতে পান। পরে বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকাবাসী আরও কয়েকটি কবর খুঁড়ে দেখার অভিযোগ করেন এবং তিনটি কবরের কঙ্কাল চুরি হয়েছে বলে দাবি তোলেন।
ঘটনার খবর পেয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শেয়াল বা অন্য কোনো বন্য প্রাণী কবরের মাটি খুঁড়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।"
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.