ইরানের বিরুদ্ধে তৃতীয় দফার সামরিক অভিযান শেষ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, সর্বশেষ অভিযানে ইরানের ১৪০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। একই সময়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বুশেহর প্রদেশের পাঁচটি শহরসহ দেশের বিভিন্ন এলাকায় মার্কিন বিমান হামলা হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজে সাম্প্রতিক হামলার জন্য ইরানি বাহিনীকে জবাবদিহির আওতায় আনতেই এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
সেন্টকমের ভাষ্য অনুযায়ী, সর্বশেষ হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, নৌ-সামরিক স্থাপনা, গোলাবারুদ সংরক্ষণাগার, যোগাযোগ নেটওয়ার্ক এবং উপকূলীয় নজরদারি কেন্দ্রসহ প্রায় ১৪০টি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।
মার্কিন বাহিনীর দাবি, গত এক সপ্তাহে তিন দফা অভিযানে ইরানের ৩০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বেসামরিক জাহাজ ও বাণিজ্যিক নৌপথে হামলা চালানোর সক্ষমতা কমিয়ে আনাই এসব অভিযানের মূল উদ্দেশ্য।
এ ছাড়া সেন্টকম জানিয়েছে, মে মাসের শুরু থেকে যুক্তরাষ্ট্রের বাহিনী ৮০০টির বেশি বাণিজ্যিক জাহাজকে নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রমে সহায়তা করেছে। এসব জাহাজে প্রায় ৪০ কোটি ব্যারেল তেল পরিবহন করা হচ্ছিল।
অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, যুক্তরাষ্ট্র বুশেহর প্রদেশের আসালুয়েহ, দেইর, বুশেহর, দাশতি ও তাঙ্গেস্তান শহরে বিমান হামলা চালিয়েছে।
ইরানের দক্ষিণাঞ্চলের এই প্রদেশটি চলমান সংঘাতের সময় একাধিকবার হামলার শিকার হয়েছে। ইরানি কর্মকর্তাদের দাবি, চলতি সপ্তাহের আগের হামলাগুলোতে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশের এলাকা এবং কিছু বেসামরিক অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে, পশ্চিম ইরানের লোরেস্তান প্রদেশের ভেইসিয়ান শহরের উপকণ্ঠেও দুটি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রদেশটির রাজনৈতিক, নিরাপত্তা ও সামাজিকবিষয়ক উপপ্রধান সাঈদ পুরআলি বলেছেন, ওই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
এ ছাড়া ইরনা জানিয়েছে, পশ্চিম ইরানের খোন্দাব শহরের একটি সামরিক ঘাঁটিও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে বার্তাসংস্থাটি জানিয়েছে, রোববার সকালের ওই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ ও সম্ভাব্য হতাহতের তথ্য এখনও যাচাই করা হচ্ছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.