
বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও নরওয়ে। যুক্তরাষ্ট্রের মায়ামির স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৩টায় শুরু হবে ম্যাচটি। শক্তিমত্তা, অভিজ্ঞতা ও অতীত পরিসংখ্যানে ইংল্যান্ড এগিয়ে থাকলেও নরওয়েকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না থ্রি লায়ন্সরা। অন্যদিকে ইতিহাস গড়ে প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠার লক্ষ্য নিয়েই মাঠে নামবে ভাইকিংসরা।
এই ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ হওয়ার কথা ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। কিন্তু কোয়ার্টার ফাইনালে ওঠার পথে ব্রাজিলকে বিদায় করে চমক দেখিয়েছে নরওয়ে। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়েই এখন ইংল্যান্ডের বিপক্ষে নতুন পরীক্ষায় নামছে তারা।
বিশ্বকাপের ইতিহাসে এটি ইংল্যান্ডের ১১তম কোয়ার্টার ফাইনাল। ব্রাজিল ও জার্মানির পর সবচেয়ে বেশি শেষ আটে খেলার কীর্তি গড়তে যাচ্ছে তারা। তবে আগের ১০টি কোয়ার্টার ফাইনালের মধ্যে মাত্র তিনবার সেমিফাইনালে উঠতে পেরেছে ইংলিশরা। তাই অতীতের হতাশা কাটিয়ে এবার শেষ চারে জায়গা করে নেয়ার লক্ষ্য তাদের।
দু’দলের মুখোমুখি পরিসংখ্যানও ইংল্যান্ডের পক্ষেই কথা বলছে। আগের ১২ দেখায় ইংল্যান্ড জিতেছে আটটিতে, নরওয়ের জয় দুটি। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। সর্বশেষ চার দেখায় নরওয়ের বিপক্ষে কোনো গোলও হজম করেনি সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। তবে নকআউট পর্বে ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে সাম্প্রতিক রেকর্ড ইংল্যান্ডের জন্য স্বস্তিদায়ক নয়। শেষ ছয়টি বিশ্বকাপ নকআউট ম্যাচের পাঁচটিতেই ইউরোপের দলের কাছে হেরে বিদায় নিতে হয়েছে তাদের।
নরওয়ের সামনে অবশ্য ভিন্ন এক চ্যালেঞ্জ। বিশ্বকাপে এর আগে কখনো ইউরোপের কোনো প্রতিপক্ষকে হারাতে পারেনি তারা। তবে এবার প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠে ইতিমধ্যেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে দলটি। ম্যাচের আগে নরওয়ের কোচ স্টালে সলবাকেনও আত্মবিশ্বাসী বার্তা দিয়ে মানসিক লড়াইয়ে এগিয়ে থাকার চেষ্টা করেছেন।
মাঠের লড়াইয়ের পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবেন দু’দলের দুই তারকা স্ট্রাইকার হ্যারি কেইন ও আর্লিং হালান্ড। গোল্ডেন বুটের দৌড়ে দুজনই রয়েছেন শীর্ষদের কাছাকাছি। চার ম্যাচে সাত গোল করে কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসির পরই অবস্থান হালান্ডের। আর এক গোল কম নিয়ে ঠিক তার পেছনেই আছেন ইংল্যান্ড অধিনায়ক কেইন।
ইংল্যান্ডের জন্য দুশ্চিন্তার আরেকটি জায়গা শৃঙ্খলাজনিত ঝুঁকি। জুড বেলিংহ্যাম, ডেকলান রাইস, মার্ক গুয়েহি ও নিক ও'রেইলি এই চার ফুটবলার ইতিমধ্যে একটি করে হলুদ কার্ড দেখেছেন। কোয়ার্টার ফাইনালে আবারও কার্ড দেখলে সম্ভাব্য সেমিফাইনালে খেলতে পারবেন না তারা। এরই মধ্যে লাল কার্ডের কারণে এই ম্যাচে নিষিদ্ধ রয়েছেন জ্যারেল কুয়ানসাহ।
অন্যদিকে নরওয়ে কোনো নিষেধাজ্ঞা বা ইনজুরি-সংকট ছাড়াই পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে যাচ্ছে। ফলে সেরা একাদশ নিয়েই ইংল্যান্ডকে চ্যালেঞ্জ জানানোর সুযোগ পাচ্ছে ভাইকিংসরা।
সব মিলিয়ে অভিজ্ঞতা ও পরিসংখ্যান ইংল্যান্ডের পক্ষে থাকলেও আত্মবিশ্বাসী নরওয়ের বিপক্ষে কঠিন এক লড়াইয়ের অপেক্ষায় ফুটবলভক্তরা। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে দু’দলই সর্বোচ্চ শক্তি নিয়েই মাঠে নামবে।
এদিকে বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও অধীর অপেক্ষায় আছেন ম্যাচটি ঘিরে। দেশের টেলিভিশন দর্শকেরা বিটিভি, টি-স্পোর্টস ও সময় টেলিভিশনে সরাসরি খেলা উপভোগ করতে পারবেন। পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মেও থাকছে ম্যাচ দেখার সুযোগ। টফি, বায়োস্কোপ, মাই রবি ও আইস্ক্রিনের মতো ডিজিটাল মাধ্যমে নির্ধারিত সাবস্ক্রিপশনের মাধ্যমে দেখা যাবে আর্জেন্টিনা-আলজেরিয়ার লড়াই।
টেলিভিশনের সামনে বসার সুযোগ না থাকলেও হতাশ হওয়ার কারণ নেই। স্মার্টফোন কিংবা অন্যান্য ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ঘরে, বাইরে কিংবা কর্মব্যস্ততার ফাঁকেও প্রিয় দলের খেলা উপভোগ করতে পারবেন সমর্থকেরা।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.