মাত্র ১৫ বছর বয়সে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন পূর্ণিমা। ১৯৯৮ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমায় চিত্রনায়ক রিয়াজের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই দর্শকদের নজর কাড়েন তিনি। এরপর একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন।
প্রায় ২৮ বছরের অভিনয়জীবনে প্রায় ৮০টি সিনেমায় অভিনয় করেছেন পূর্ণিমা। ২০০৩ সালে মুক্তি পাওয়া ভারত–বাংলাদেশ যৌথ প্রযোজনার ‘মনের মাঝে তুমি’ সিনেমা তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। ক্যারিয়ারে সবচেয়ে বেশি, প্রায় ২৫টি সিনেমায় অভিনয় করেছেন রিয়াজের সঙ্গে। এ ছাড়া মান্না, শাকিব খান, ফেরদৌস, আমিন খান, রুবেল, কাজী মারুফ ও আরিফিন শুভসহ দেশের শীর্ষ নায়কদের বিপরীতেও দেখা গেছে তাকে।
বাণিজ্যিক চলচ্চিত্রের পাশাপাশি সাহিত্যনির্ভর সিনেমাতেও প্রশংসিত হয়েছেন পূর্ণিমা। ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। অভিনয়ের পাশাপাশি উপস্থাপক হিসেবেও সফল এই অভিনেত্রী।
দীর্ঘ ক্যারিয়ারে সময়ের সঙ্গে নিজেকে নতুনভাবে উপস্থাপন করে এখনও দর্শকদের ভালোবাসার কেন্দ্রবিন্দুতে রয়েছেন পূর্ণিমা। জন্মদিনে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এই চিরসবুজ অভিনেত্রী।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.