পটুয়াখালীর বাউফলে বিয়ের মাত্র আড়াই মাসের মাথায় শয়নকক্ষের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় ইশরাত জাহান নিশি (২৮) নামে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) সকালে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকার দরবেশ মিঞা সড়কের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত নিশি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা মোল্লারহাট এলাকার নাসির উদ্দিনের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকার যুক্তরাষ্ট্রপ্রবাসী মনির হোসেনের (৪৭) সঙ্গে নিশির বিয়ে হয়। বিয়ের ১৬ দিন পর তিনি স্বামীর বাড়িতে ওঠেন। মনির দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন এবং চলতি মাসের শেষ দিকে আবার সেখানে ফিরে যাওয়ার কথা ছিল। পরিবারের দাবি, বিদেশে ফিরে যাওয়ার বিষয়টি নিয়ে দাম্পত্য সম্পর্কে কিছুটা মানসিক দূরত্ব ও অভিমান তৈরি হয়েছিল।
নিহতের স্বামী মনির হোসেন বলেন, শুক্রবার রাত ৯টার দিকে আমরা একসঙ্গে ছিলাম। কিছুক্ষণ পর নিশি পাশের একটি কক্ষে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। রাতভর অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া পাইনি। সকাল সাড়ে ৭টার দিকে থানায় খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে কক্ষের ভেতর থেকে ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.