কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক নারী ও এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আরও এক শিশু গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, পারিবারিক কলহের জেরে রোহিঙ্গা যুবক এহেতাসামুল হক তার স্ত্রী ও দুই সন্তানকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
বুধবার (৮ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অভিযুক্ত এহেতাসামুলের স্ত্রী শহীদ নুর ওরফে সুফিয়া (৩০) এবং ছেলে মোহাম্মদ শামীম (৫)। এ ঘটনায় গুরুতর আহত বড় ছেলে মোহাম্মদ আফছার ওরফে বাপ্পী (১৪) বর্তমানে কুতুপালংয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কুতুপালং ক্যাম্পের মাঝি মোহাম্মদ হুসাইন বলেন, পারিবারিক কলহের জেরে বুধবার রাতে এহেতাসামুল হকের সঙ্গে তার স্ত্রী সুফিয়ার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে এহেতাসামুল ধারালো দা দিয়ে স্ত্রী ও দুই ছেলের ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই সুফিয়া ও তার ছোট ছেলে শামীম নিহত হয়। গুরুতর আহত অবস্থায় বড় ছেলে আফছারকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.