ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় গার্মেন্টকর্মী আলিফ মাহমুদ হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জুলাই) গোবিন্দনগর মুন্সিরহাট এলাকার বাসিন্দাদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মুন্সিরহাট থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঠাকুরগাঁও শহরের উদ্দেশ্যে রওনা দেন। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আলিফ মাহমুদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে এই হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা জরুরি।
এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন এবং হত্যাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, যুবসমাজ এবং এলাকাবাসী অংশ নেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.