গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে নির্মাণাধীন ফ্লাইওভারের টিনের বেড়ার নিচে পড়ে রোজি বেগম (৬৬) নামের এক পথচারী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৬ জুলাই) দুপুর ২টার দিকে পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
আহত রোজি বেগম গোবিন্দগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের পান্থাপাড়া এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী।
জানা গেছে, দুপুরে দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় সোনালী ব্যাংকের সামনে থেকে রোজি বেগম ও আদরী আক্তার অটোভ্যানে করে বাড়ি ফেরার পথে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সামনে পৌছালে নির্মাণাধীন ফ্লাইওভারে ভারী ক্রেনের সাহায্যে নির্মাণ সামগ্রী ওপরে তোলার সময় নিচে ডান পাশে থাকা লোহার এঙ্গেল ও রড দিয়ে তৈরি টিনের বেড়ায় ধাক্কা দিলে সেটি চলন্ত অটোভ্যানের ওপর এসে পড়ে। এতে অটোভ্যানে থাকা যাত্রী রোজি বেগমের মেরুদণ্ডের হাড় ভেঙে যায় এবং ডান কাঁধে গুরুতর আঘাত পান। সেই সাথে ভ্যানচালক লোমান ডান হাতের কনুইয়ে আঘাত পান। এসময় আশেপাশের লোকজন তাদের আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে রোজি বেগমের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে পরে তাকে বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ এন্ড রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়।
সড়কে চলাচলরত পথচারীরা জানান, জনসাধারণের চলাচলের জন্য কোনো ফুটপাতের ব্যবস্থা নেই। ফুটপাতের অধিকাংশ জায়গা দখল করে স্থায়ী-অস্থায়ী দোকান নির্মাণ করা হয়েছে। সড়কের মাঝে ফ্লাইওভারের নিচেও রয়েছে হকারদের আধিপত্য। এছাড়া ঢাকা-রংপুর মহাসড়কের দুইপাশে ভ্যান, রিকশা, ইজিবাইক ও সিএনজির মত তিন চাকার যানবাহন দাঁড়িয়ে থাকায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে।
স্থানীয় সচেতন মহল জানান, এর আগেও বেশ কয়েকবার এমন দূর্ঘটনা ঘটেছে। কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই জনবহুল এলাকায় ফ্লাইওভার নির্মাণ করতে গিয়ে মাঝে মধ্যে দূর্ঘটনা ঘটছে। ভবিষ্যতে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, উল্টো পথে গাড়ি চালানো বন্ধ, ডাইভারশন সড়ক চালু, ফুটপাত দখল মুক্ত ও অফপিক আওয়ারে ঝুঁকিপূর্ণ কাজ করার পরামর্শ দেন তারা।
এ ঘটনায় ভুক্তভোগীর স্বজন শহিদুল ইসলাম রাতে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.