আরও একবার স্বপ্নভঙ্গ। ব্রাজিলের এই প্রজন্ম দেখতে পারলো না, এই দলটিই এক সময় বিশ্বকাপের সেরা শক্তি ছিল। ২০০২ বিশ্বকাপের পর টানা ছয়টি আসরে খালি হাতে ফিরতে হলো সেলেসাওদের।
নরওয়ের কাছে শেষ ষোলোতে ২-১ গোলে হেরে বিদায় হয়ে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। নেইমার, কাসেমিরোর মতো অনেকেরই যেটা আসলে শেষ বিশ্বকাপ।
এমন ব্যর্থতার পর আবেগে বাধ দিতে পারেননি নেইমার। মাঠের মধ্যেই ছোট্ট শিশুর মতো কেঁদেছেন। ম্যাচের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ফুঁপিয়ে কেঁদেছেন কাসেমিরোও। বিশ্বকাপের স্বপ্ন ভাঙায় ভীষণ ভেঙে পড়েছেন তিনি।
কাসেমিরো বলেন, ‘কী বলব ভাষা খুঁজে পাচ্ছি না। এটা কঠিন। আমরা আমাদের স্বপ্ন হারিয়ে ফেলেছি।’ বলেই হু হু করে কান্নায় ভেঙে পড়েন ব্রাজিলিয়ান মিডফিল্ডার।
কাসেমিরো আরও বলেন, ‘যখন ফুটবল খেলাটা শুরু করে, প্রতিটি ব্রাজিলিয়ান শিশুর স্বপ্ন থাকে বিশ্বকাপ জয়। এটা একটা স্বপ্ন। আমি এটা করার জন্য তিনটি সুযোগ পেয়েছিলাম। নিজেকে ভাগ্যবান মনে করি। আমি এবং আমার সতীর্থরা বিশ্বকাপে একসঙ্গে যা করেছে, আমি গর্বিত।’
আবারও কাঁদতে কাঁদতে চোখ মুছেন কাসেমিরো। আর বলেন, ‘আমরা সেই প্রজন্ম, যারা আসলে বিশ্বকাপ জিততে পারিনি। আমরা চেষ্টা করেছি। অনেক পরিশ্রম করেছি। কিন্তু আমরা আমাদের দেশের অনেক মানুষকে হতাশ করেছি। সব ব্রাজিলিয়ানকে হতাশ করেছি।’
‘জীবন চলেই যাবে, আপনি যেমন বললেন। কিন্তু ...এই মুহূর্তে আমি আসলে আমার পরিবার, আমার সন্তানদের সঙ্গে থাকতে চাই। আমি দুঃখিত’-কাঁদতে কাঁদতেই কথা শেষ করেন কাসেমিরো।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.