
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ কার্যক্রমের আওতায় দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি এবং শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও সুশাসনের চর্চা উৎসাহিত করতে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার উপজেলা পরিষদ হলরুমে দিনাজপুর জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের আয়োজনে এবং বোচাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফ হাসান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মিরাজুল ইসলাম।
বিতর্ক প্রতিযোগিতা পরিচালনা করেন উপজেলা ইউডিএফ কর্মকর্তা এস. এম. জসীম উদ্দীন। বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ওয়াহিদা ফারজানা এবং উপজেলা আইসিটি কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম।
ফাইনাল পর্বের বিতর্কের বিষয় ছিল "দুর্নীতির মূল কারণ হলো আইনের শাসনের অভাব"। বাছাইপর্বে উপজেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। সেখান থেকে চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে ওঠে সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও আইডিয়াল উচ্চ বিদ্যালয়।
প্রতিযোগিতায় বিপক্ষ দল হিসেবে অংশ নেওয়া আইডিয়াল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানারআপ হয় পক্ষ দল সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়।
এছাড়া, আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রাফিয়াত জাহান প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের হাতে ট্রফি, সনদ ও পুরস্কার তুলে দেন। এ সময় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.