বিশ্বকাপের উত্তেজনায় ভরা মাঠে খেলার মাঝেও মানবতার আলো জ্বালিয়ে দিলেন লিওনেল মেসি। ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনিজুয়েলার মানুষের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। একই সঙ্গে পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোও দুর্গতদের পাশে দাঁড়িয়ে সহমর্মিতা প্রকাশ করেছেন।
গত ২৪ জুন ভেনিজুয়েলায় আঘাত হানে দুটি শক্তিশালী ভূমিকম্প। প্রথমটির মাত্রা ছিল ৭.২ এবং মাত্র কয়েক সেকেন্ড পর আসে ৭.৫ মাত্রার আরেকটি শক্তিশালী কম্পন। এই দুর্যোগে এখন পর্যন্ত প্রায় দুই হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন হাজার হাজার। অনেকে এখনও নিখোঁজ রয়েছেন।
ম্যাচ শেষে মেসি বলেন, “ভেনিজুয়েলার সব মানুষের প্রতি আমি অনেক ভালোবাসা পাঠাতে চাই। তারা যে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, আমরা তা জানি। তাদের প্রতি আমাদের সর্বোচ্চ সমর্থন রয়েছে।”
নিখোঁজ স্বজনদের খুঁজে না পাওয়া পরিবারগুলোর প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করে তিনি আরও বলেন, “যারা প্রিয়জনদের খুঁজে পাচ্ছেন না এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন, তাদের প্রত্যেকের প্রতি আমার সমর্থন ও সহমর্মিতা রইল। ভেনিজুয়েলার সবাইকে অনেক শক্তি ও ভালোবাসা।”
শুধু মেসি নয়, রোনালদোও ভেনিজুয়েলার এক শিশু ভূমিকম্পের শিকারের প্রতি বিশেষ সমর্থন দেখিয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন সেই শিশুকে নিজের একটি ম্যাচে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও বার্তায় রোনালদো বলেন, “আমি চাই, তুমি আমার একটি ম্যাচ দেখতে আসো।” এছাড়া তিনি চিকিৎসা সামগ্রীসহ সাহায্যও পাঠিয়েছেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.