
নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট অংশীজনদের সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে দিনাজপুরে বিভাগীয় পর্যায়ের নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৪ জুলাই শনিবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকারি সংস্থার পাশাপাশি উৎপাদক, ব্যবসায়ী, ভোক্তা এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। জনসচেতনতা বৃদ্ধি এবং আইন বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্ম সচিব) আ. ন. ম. নাজিম উদ্দীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ রিয়াজ উদ্দীন, দিনাজপুরের পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা (পিপিএম) এবং দিনাজপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ গোলাম রসুল রাখি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্বাস্থ্য ও কৃষি বিভাগের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বক্তারা নিরাপদ খাদ্য উৎপাদন, সংরক্ষণ, পরিবহন ও বাজারজাতকরণে বিদ্যমান আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন এবং ভোক্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সকলের সমন্বিত ভূমিকার আহ্বান জানান।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.