যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে এবার প্রথমবারের মতো কেন্দ্রীয় চরিত্রে দেখা গেল দুই নারীকে। আলিয়া ভাট ও শর্বরী ওয়াঘ অভিনীত অ্যাকশন থ্রিলার ‘আলফা’ ঘিরে মুক্তির আগে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ।
টিজার ও ট্রেলার প্রকাশের পর সিনেমাটি নিয়ে তৈরি হয়েছিল বেশ আলোচনা। তবে বক্স অফিসে প্রথম দিনের আয় সেই প্রত্যাশার সঙ্গে তাল মেলাতে পারেনি।
সিনেবাণিজ্য বিশ্লেষক প্রতিষ্ঠান স্যাকনিল্কের প্রাথমিক তথ্য অনুযায়ী, শুক্রবার মুক্তি পাওয়া ‘আলফা’ প্রথম দিনে ভারতে প্রায় ৯ কোটি রুপি আয় করেছে। দেশের প্রায় ৭ হাজার ৫০০-এর বেশি পর্দায় মুক্তি পেলেও ওপেনিং কালেকশন এক অঙ্কের ঘরেই সীমাবদ্ধ রয়েছে।
এর ফলে যশরাজ স্পাই ইউনিভার্সের আগের সিনেমাগুলোর তুলনায় বেশ পিছিয়ে পড়েছে ‘আলফা’। শাহরুখ খানের ‘পাঠান’ মুক্তির প্রথম দিনেই ৫৭ কোটি রুপি আয় করেছিল। সালমান খানের ‘টাইগার ৩’-এর উদ্বোধনী দিনের আয় ছিল ৪৩ কোটি রুপি। অন্যদিকে হৃত্বিক রোশন অভিনীত ‘ওয়ার ২’ প্রথম দিনে ৫২ কোটি রুপি সংগ্রহ করে শক্তিশালী সূচনা করেছিল।
তবে আলিয়া ভাটের আগের সিনেমা ‘জিগরা’র তুলনায় ভালো শুরু করেছে ‘আলফা’। ‘জিগরা’ প্রথম দিনে আয় করেছিল প্রায় ৪ দশমিক ৫৫ কোটি রুপি। সে হিসাবে নতুন সিনেমাটি প্রায় দ্বিগুণ আয় নিয়ে যাত্রা শুরু করেছে।
‘আলফা’ যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে একটি নতুন সংযোজন। এতদিন এই ফ্র্যাঞ্চাইজিতে শাহরুখ খান, সালমান খান ও হৃত্বিক রোশনের মতো তারকাদের নেতৃত্বে অ্যাকশনধর্মী গল্প দেখা গেলেও এবার প্রথমবারের মতো দুই নারী গুপ্তচরের অভিযানকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে পুরো সিনেমা।
মুক্তির আগে সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার পাশাপাশি সমালোচনাও দেখা যায়। বিশেষ করে অ্যাকশন ঘরানায় আলিয়া ভাটকে নিয়ে বিভিন্ন মতামত উঠে আসে। তবে বক্স অফিসে সিনেমাটির প্রকৃত অবস্থান নির্ধারণে সপ্তাহান্তের আয়কে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ইতিবাচক দর্শক প্রতিক্রিয়া থাকলে পরবর্তী দিনগুলোতে আয় বাড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.