দিনাজপুরের চিরিরবন্দরে জমিসংক্রান্ত বিরোধের জেরে বাবা ও সৎ ভাইকে হত্যার ঘটনায় দুই ভাইকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (২৯ জুন) চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— চিরিরবন্দরের উত্তর পলাশবাড়ী টেপাপাড়া এলাকার মৃত শহিদুল ইসলাম দুলুর ছেলে মো. সাদেকুল ইসলাম (৩০) ও মো. সাকিব (১৯)।
র্যাব-১৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্প ও র্যাব-৭ চট্টগ্রাম ক্যাম্পের যৌথ আভিযানিক দল সোমবার দুপুরে চট্টগ্রামের আকমল আলী রোড রেলবিট এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি সাদেকুল ইসলাম এবং রাতের দিকে ইপিজেড থানাধীন একটি হোটেলের সামনে থেকে দ্বিতীয় আসামি সাকিবকে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, নিহত শহিদুল হক দুলুর প্রথম স্ত্রীর দুই ছেলে হাবিল ও কাবিল এবং দ্বিতীয় স্ত্রীর দুই ছেলে সাদেকুল ও সাকিব। দীর্ঘদিন ধরে জমির মালিকানা ও সম্পত্তির ভাগ নিয়ে পরিবারের মধ্যে বিরোধ চলছিল।
গত ১২ মে সকালে বাড়ির পাশে জমির ভুট্টা তোলাকে কেন্দ্র করে সাদেকুলের সঙ্গে তার বাবা শহিদুল হক দুলুর ঝগড়া শুরু হয়। একপর্যায়ে সাদেকুল বল্লম ও ছুরি নিয়ে বাবাকে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই শহিদুল হক দুলুর মৃত্যু হয়।
এ সময় সৎ ভাই কাবিল বাবাকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের আরেক ছেলে হাবিবুর রহমান হাবিল বাদী হয়ে গত ১৩ মে চিরিরবন্দর থানায় সাদেকুল, সাকিবসহ কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ঘটনার পর আসামিরা আত্মগোপনে চলে যায়।
র্যাব জানায়, মামলার আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি চালানোর পর চট্টগ্রামে অভিযান পরিচালনা করে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চিরিরবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.