
গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি আহসান হাবিব (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১৩। একই সঙ্গে অপহৃত ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। রোববার (২৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাইবান্ধার সাঘাটা উপজেলার সাতটেকোর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে উদ্ধার হওয়া স্কুলছাত্রী ও গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের পক্ষ থেকে বলা হয়, ভুক্তভোগী কিশোরী গাইবান্ধা সদর উপজেলার পুরাতন বাদিয়াখালী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। দীর্ঘদিন ধরে একই এলাকার আহসান হাবিব তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতেন। কিশোরী তার প্রস্তাব প্রত্যাখ্যান করলে বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পারেন এবং আসামির পরিবারকে অবহিত করেন।
একপর্যায়ে আসামির পরিবার কিশোরীর পরিবারের কাছে বিয়ের প্রস্তাব পাঠালেও আহসান হাবিবের বিরুদ্ধে বিভিন্ন নেতিবাচক অভিযোগ থাকায় সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে গত ৩১ মার্চ ২০২৬ সন্ধ্যা ৭টার দিকে গাইবান্ধা সদর উপজেলার রামনাথের ভিটা মণ্ডলপাড়ায় চাচার বাড়ি থেকে বাইরে বের হলে কিশোরীকে একটি অটোরিকশাযোগে জোরপূর্বক তুলে নিয়ে যায় অভিযুক্তরা।
ঘটনার পর গত ১১ এপ্রিল ভুক্তভোগীর মা গাইবান্ধা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পর র্যাব-১৩ গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩-এর সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি দল সাঘাটা উপজেলার সাতটেকোর গ্রামে অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেফতার এবং অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়।
এ বিষয়ে র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, অপহরণ, হত্যা, ধর্ষণসহ সকল ধরনের গুরুতর অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.