
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আদালতের চিরস্থায়ী নিষেধাজ্ঞা ও উচ্ছেদ আদেশের তোয়াক্কা না করে সরকারি খাস খতিয়ানের লিজ নেওয়া জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। গত বুধবার (২৪ জুন) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সালমারা উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তালুককানুপুর ইউনিয়নের দেবোত্তর রামনাথপুর গ্রামের মৃত রজ্জব আলীর ছেলে আব্দুর রাজ্জাক ২০১০ সালে সরকার থেকে ১৫৬ শতক জমি ৯৯ বছরের জন্য লিজ (বন্দোবস্ত) পান। জমিটি নিজ নামে খারিজ করে নিয়মিত খাজনা পরিশোধ করে তিনি ভোগদখল করে আসছিলেন। কিন্তু একই গ্রামের হান্নান ওরফে হানু (৪০), সবুজ মিয়া (২৫), বেলাল (৪৫), ছায়দার আলী (৪০) ও সাদেক মিয়াসহ বিবাদীরা জমিটি অন্যায়ভাবে দখলের পাঁয়তারা শুরু করেন।
ভুক্তভোগী আব্দুর রাজ্জাক আইনি প্রতিকার চেয়ে গোবিন্দগঞ্জ সিনিয়র সহকারী জজ চৌকি আদালতে মামলা করলে ২০১৪ সালে আদালত তার পক্ষে রায় দেন এবং বিবাদীদের বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। এরপরেও বিবাদীরা জমি দখলের চেষ্টা চালালে তিনি আরও একাধিক মামলা করেন, যার প্রতিটির রায় তার পক্ষেই আসে।
সর্বশেষ, ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩’ অনুযায়ী দায়ের করা এক মামলায় আদালত আব্দুর রাজ্জাককে জমির দখল বুঝিয়ে দেওয়ার আদেশ দেন। আগামী ২১ এপ্রিল ২০২৬ তারিখে সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে ঢোল শহরতের মাধ্যমে দখল হস্তান্তরের দিন ধার্য রয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে গত ২৪ জুন তালুককানুপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সরেজমিনে গিয়ে নালিশী জমিটি চিহ্নিত করেন।
অভিযোগ উঠেছে, জমি চিহ্নিত করার পরপরই বিবাদীরা সংঘবদ্ধ হয়ে আইন অমান্য করে জমিটি জবরদখল করার চেষ্টা চালায়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগী আব্দুর রাজ্জাক বলেন, দীর্ঘ ১৪ বছর ধরে আমি আইনি লড়াই করছি। আদালতের রায় এবং প্রশাসনের সকল বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও বিবাদীরা পেশিশক্তি খাটিয়ে আমাকে উচ্ছেদ করতে চাইছে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.