ঠাকুরগাঁও শহরের অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) সকাল আনুমানিক ৯টার দিকে ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ জানায়, কমিউনিটি সেন্টারের কেয়ারটেকার মো. জাহাঙ্গীর আলম ভবনের দক্ষিণ-উত্তর কোণে একটি লাল শপিং ব্যাগ দেখতে পান। পরে কাছে গিয়ে টিনের ফাঁকে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে কর্তৃপক্ষকে বিষয়টি জানান। এরপর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
খবর পেয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এবং সিআইডির একটি বিশেষ টিম ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ ও প্রাথমিক তদন্ত কার্যক্রম পরিচালনা করেন।
পরে মরদেহের সঙ্গে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। নিহত মো. রুমন আলী (২৬), তিনি দিনাজপুর জেলার কোতয়ালী থানার বটতলী এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. তৈয়বুর রহমান এবং মাতার নাম মোছা. সাহিনা বেগম। তিনি বিবাহিত; তার স্ত্রীর নাম শ্যামলী আক্তার। এছাড়া ঠাকুরগাঁও সদর উপজেলার সরকারপাড়ায় তার নানার বাড়ি রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রুমন আলী ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া তিনি মাদকাসক্ত ছিলেন বলেও স্থানীয়ভাবে তথ্য পাওয়া গেছে। পুলিশ জানায়, তার মোবাইল ফোনের সর্বশেষ কল রাত ১০টা ৩১ মিনিটে করা হয়েছিল।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.