রংপুরের তারাগঞ্জে আলোচিত ৯ বছরের শিশু সানজিদা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মো. মুজাহিদ ইসলাম (১৮) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর কোরানিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত মুজাহিদ ওই এলাকার মো. সেকেন্দার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৯ জুন) দুপুরে ভীমপুর কোরানিপাড়া গ্রামের কৃষক সাইদুল ইসলামের মেয়ে ও স্থানীয় কিন্ডারগার্টেন মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সানজিদা আক্তার নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি ও এলাকায় মাইকিং করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরদিন শনিবার (২০ জুন) সকালে ডালিয়া সেচ ক্যানেলের পাশের একটি পাটখেত থেকে সানজিদার চোখ উপড়ানো ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে গত রোববার (২১ জুন) তারাগঞ্জ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর থেকেই খুনিদের শনাক্ত করতে তৎপর হয় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে মুজাহিদকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, আলোচিত এই শিশু হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে মুজাহিদকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা আছে কি না, তা নিশ্চিত হতে তাকে থানা হেফাজতে রেখে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.