লালমনিরহাটের আদিতমারীতে সাত বছরের শিশু নন্দিনী হত্যাকাণ্ডের ঘটনায় তার পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে জনতার দল। দলটির চেয়ারম্যান (অব.) ব্রিগেডিয়ার জেনারেল শামিম কামাল নন্দিনীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে শোকসন্তপ্ত স্বজনদের সমবেদনা জানান এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সোমবার বিকেলে আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী এলাকায় নন্দিনীর বাড়িতে গিয়ে তিনি বলেন, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে জনতার দলের আইনজীবীরা সম্পূর্ণ বিনামূল্যে মামলার আইনি লড়াই পরিচালনা করবেন। আইনজীবী জাকিউল হাসান সিদ্দিকি ও রাসেল নেতৃত্বে এ মামলা পরিচালিত হবে বলেও জানান তিনি।
এ সময় ব্রিগেডিয়ার জেনারেল শামিম কামাল প্রশাসনের গাড়ি ভাঙচুর ও হামলার ঘটনায় দায়ের করা মামলায় ১,৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এ মামলায় যেন কোনো নির্দোষ ব্যক্তি হয়রানি বা গ্রেপ্তারের শিকার না হন এবং চাঁদাবাজির সুযোগ সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, নন্দিনীর পরিবারের আর্থিক ও সামাজিক দায়িত্ব জনতার দল গ্রহণ করবে। পরিবারের পাশে থেকে ন্যায়বিচার প্রতিষ্ঠায় দলটি কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন।
সাক্ষাৎকালে জনতার দলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.