
ঠাকুরগাঁও সদর উপজেলার স্বর্ণপট্টি এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্বামীকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। সোমবার (২২ জুন ২০২৬) দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা যায়, রাণীশংকৈল উপজেলার ভান্ডারা এলাকার বাসিন্দা মোছাঃ পারুল আক্তার (৩৫) ও তার স্বামী মোঃ সুলতান মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ও মনোমালিন্য চলছিল। এরই ধারাবাহিকতায় সোমবার স্বর্ণপট্টি এলাকায় তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে পারুল আক্তার তার সঙ্গে থাকা ব্যাগ থেকে একটি চাকু বের করে স্বামী সুলতান মিয়ার বুকের ডান পাশে আঘাত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহত সুলতান মিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত অব্যাহত রেখেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.