
গাইবান্ধা সদর উপজেলার দাড়িয়াপুর চৌরাস্তার পূর্ব পাশে ঘাগোয়া রোডের মাথায় এক জনগুরুত্বপূর্ণ সড়কের ওপর নির্মিত নিষ্কাশন ড্রেনের ঢাকনা (স্ল্যাব) ভেঙে পড়ে চরম বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ দুপুরে ড্রেনটির দুটি অংশের ঢাকনা হঠাৎ ভেঙে নিচে পড়ে যাওয়ায় রাস্তাটি এখন ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। ব্যস্ততম এই সড়কে যেকোনো মুহূর্তে বড় ধরনের ভয়াবহ দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দাড়িয়াপুর চৌরাস্তা সংলগ্ন ঘাগোয়া রোডের এই মাথাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ এবং রিকশা, ভ্যান, ইজিবাইকসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। আজ দুপুরে হঠাৎ করেই ড্রেনের ওপর থাকা কংক্রিটের দুটি ঢাকনা ভেঙে ভেতরের দিকে দেবে যায়। ফলে রাস্তার ঠিক মাঝখানে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী পথচারী ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, ব্যস্ত এই সড়কে ড্রেনের ঢাকনা ভেঙে যাওয়ায় বর্তমানে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে রাতের অন্ধকারে বা অসাবধানতাবশত কোনো যানবাহন বা পথচারী এই গর্তে পড়ে গেলে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।
এলাকাবাসীর দাবি, সড়কটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ হওয়ায় অনতিবিলম্বে এখানে নতুন ও টেকসই ঢাকনা স্থাপন করা জরুরি। যেকোনো বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর আহ্বান জানিয়েছেন তারা।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.