লালমনিরহাটে তিস্তা নদীর পানি গত ২৪ ঘণ্টায় ৪৪ সেন্টিমিটার কমেছে। বর্তমানে নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও উজানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় আগামী দিনগুলোতে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বর্তমানে বিপদসীমার ৫৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল সামান্য বৃদ্ধি পেলেও গত ২৪ ঘণ্টায় পানি ৪৪ সেন্টিমিটার নেমে গেছে।
তবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ১০ দিনে দেশের অভ্যন্তরে এবং উজানের ভারতীয় অঞ্চল পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর প্রভাবে তিস্তা অববাহিকায় আবারও পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হয়ে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
তিস্তা নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা পরিস্থিতির ওপর নজর রাখছেন। বিশেষ করে চরাঞ্চলের কৃষকরা সম্ভাব্য বন্যার কারণে চিনাবাদাম, আমন বীজতলা ও অন্যান্য ফসলের ক্ষতির আশঙ্কা করছেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তিস্তা নদীর পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতির অবনতি হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.