চলছে ফিফা বিশ্বকাপ ফুটবলের নতুন আসর। বিশ্বজুড়েই এখন ফুটবলের আমেজ। সে আমেজে মাতোয়ারা বাংলাদেশিরাও। যদিও বাংলাদেশ এই আয়োজনে এখনো অব্দি অংশ নিতে পারেনি, তবে লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থনে জমজমাট এই বাংলা।
শোবিজের তারকাও সরব বিশ্বকাপ নিয়ে। ম্যাচের নানা বিষয় নিয়ে কথা বলছেন, প্রিয় খেলোয়াড়ের বন্দনা করছেন। তবে একধাপ এগিয়ে চঞ্চল চৌধুরী এঁকে ফেললেন প্রিয় ফুটবলার লিওনেল মেসিকে।
শনিবার দুপুরে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে মেসির স্কেচ পোস্ট করেছেন চঞ্চল। নিখুঁত সে স্কেচে মেসির চুল, দাড়ি, চোখের সঙ্গে ফুটে উঠেছে হাসিটাও। ছবিটির সঙ্গে ক্যাপশনে ‘আয়নাবাজি’ তারকা লিখেছেন, ‘আমি মেসির একটা ছবি আঁকব, এটা দেখে মেসি ভক্তরা খুশী হতেই পারেন। আঁকলাম। প্রিয় খেলোয়াড় বলে কথা! এখন লাইক-শেয়ার আপনার ব্যাপার।’
চঞ্চলের আঁকা মেসিকে দেখে মুগ্ধ হচ্ছেন নেটিজেনরাও। মাত্র এক ঘণ্টায় ছবিটিতে রিঅ্যাকশন পড়েছে সাড়ে ৫ হাজারেরও বেশি। দুই শতাধি মন্তব্যেও মিলেছে প্রশংসার ফুলঝুরি। কেউ লিখেছেন, ‘আপনি দুই বাংলার একজন খ্যাতনামা অভিনেতা, পাশাপাশি একজন প্রতিভাবান অঙ্কনশিল্পী এবং অসাধারণ কণ্ঠশিল্পীও। আপনার বহুমুখী প্রতিভা সত্যিই প্রশংসনীয়’; আরেকজন লিখেছেন, ‘মেসি যেমন ফুটবলে সেরা, আপনি তেমন অভিনয়ে সেরা’।
উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি গান ও আঁকাআঁকিতে সিদ্ধহস্ত চঞ্চল। প্রায়ই প্রিয়জনদের ছবি এঁকে পোস্ট করেন ফেসবুকে। সত্যজিৎ রায়, তারিক আনাম খান, বাপ্পা মজুমদার, সালাহউদ্দিন লাভলু, রায়হান রাফী, তাসনিয়া ফারিণ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়সহ অনেককেই ডিজিটাল তুলিতে এঁকেছেন চঞ্চল।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.