
গাইবান্ধার সাঘাটায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ও মাদক ক্রয়ের ৩ হাজার টাকাসহ এক মাদক কারবারি ও এক মাদক ক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাতে উপজেলার কচুয়া ইউনিয়নের চন্দনপাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সাঘাটা থানার রাত্রিকালীন মোবাইল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উপজেলার ৫নং কচুয়া ইউনিয়নের চন্দনপাট গ্রামের বাসিন্দা জুয়েল মন্ডলের বাড়ির ভেতরের আঙিনায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় চলছে। এমন সংবাদের পরিপ্রেক্ষিতে রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ।
অভিযানকালে ঘটনাস্থল থেকে মোঃ জুয়েল মন্ডল (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী এবং মোঃ মতিয়ার রহমান (৫২) নামে এক মাদক ক্রেতাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত জুয়েল মন্ডল চন্দনপাট গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে এবং মতিয়ার রহমান রাঘবপুর গ্রামের মৃত মনসুরের ছেলে। উভয়েই সাঘাটা উপজেলার বাসিন্দা।
পরে আটককৃতদের দেহ তল্লাশি করে জুয়েল মন্ডলের পরিহিত লুঙ্গির ডান কোচ থেকে ৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মতিয়ার রহমানের প্যান্টের ডান পকেট থেকে মাদক কেনার জন্য বহন করা ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পরস্পরের যোগসাজশে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা ও টাকা নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সাঘাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুব আলম বলেন, “মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সাঘাটা থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.