কক্সবাজারের পেকুয়ায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। সোমবার (১৫ জুন) সকাল ৮টার দিকে এবিসি আঞ্চলিক মহাসড়কের টইটং বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাতামুহুরির ডেমুশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবদু রশিদের ছেলে হাসান আলী (৬৫) এবং সিরাজগঞ্জ জেলার চৌহালীর শৈলজানা এলাকার তোতা বেপারির ছেলে আফজাল সরকার (৪৫)। আর আহতরা হলেন- পেকুয়ার হরিণাপাড়ি এলাকার সিরাজ (৪২), শাহেদ (২২) ও নিহত হাসান আলী পরিবারে ২ সদস্য পাখি বেগম (৫৫), রামিম (১০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা টইটং বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এস আলম পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের দ্রুত উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান।
অপর আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি অটোরিকশা জব্দ করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ বিষয়ে পেকুয়া থানার ওসি মেহেদী হাসান জানান, দুর্ঘটনায় যানবাহন দুটি থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, এবিসি আঞ্চলিক মহাসড়কের মৌলভিপাড়া থেকে টইটং বাজার অংশে যানবাহনের অতিরিক্ত গতি ও অসতর্কতার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা ওই এলাকায় সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.