
লালমনিরহাট শহরের মিশনমোড় এলাকায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন।
রোববার (১৪ জুন) পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয় এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে নির্মাণসামগ্রী (বালি) সড়ক ও ফুটপাতে ফেলে রেখে বায়ুদূষণ ঘটানোর অভিযোগে মো. আশরাফ আলী নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ১১(ঙ) বিধি লঙ্ঘনের অপরাধে একটি মামলায় তাকে এ জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন। আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায়।
অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় বায়ুদূষণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.