
লালমনিরহাটের কালীগঞ্জ থানায় দায়ের করা চাঁদাবাজি ও অপহরণ মামলার প্রধান আসামি মো. শহিদুল ইসলাম ওরফে শহীদ (৩৪)কে গ্রেপ্তার করেছে র্যাব-১৩।
রোববার (১৪ জুন) র্যাব-১৩ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ নভেম্বর ২০২৫ সালে কালীগঞ্জ উপজেলার বজলার রহমান শিশু নিকেতনে অবস্থানকালে ভুক্তভোগী মো. মাসুদ রানাকে জোরপূর্বক একটি গোডাউনে নিয়ে যায় আসামিরা। সেখানে তাকে মারধর করে তার কাছে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে আরও ১০ হাজার টাকা এনে দিতে চাপ দেওয়া হয়। এতে রাজি না হওয়ায় তাকে পুনরায় মারধর করে তার মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী মো. মাসুদ রানা ১৬ নভেম্বর ২০২৫ সালে কালীগঞ্জ থানায় চাঁদাবাজি ও অপহরণের অভিযোগে মামলা দায়ের করেন।
মামলার পর থেকে আসামিদের গ্রেপ্তারে র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৩ জুন) রাত ৯টা ৪০ মিনিটে কালীগঞ্জ উপজেলার ভোটমারী গ্রামে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। পাশাপাশি চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ দমনে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.