গাইবান্ধার গোবিন্দগঞ্জে বুদ্ধি-প্রতিবন্ধী ফুফুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি ভাতিজা মো. আতিকুর রহমান ওরফে আতাব (৫০)-কে গ্রেফতার করেছে র্যাব-১৩।
শুক্রবার (১২ জুন) রাত আনুমানিক ১টা ২০ মিনিটে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মিরাপাড়া এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপহরণ, হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ বিভিন্ন গুরুতর অপরাধ দমনে তারা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। বিশেষ করে নারী ও শিশুদের প্রতি সহিংসতার ঘটনায় র্যাব পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী একজন বুদ্ধি-প্রতিবন্ধী নারী এবং গ্রেফতার হওয়া আতিকুর রহমান তার ভাতিজা। বাদী, ভুক্তভোগী ও অভিযুক্ত একই বাড়িতে বসবাস করেন।
অভিযোগ অনুযায়ী, গত ১৬ মে ২০২৬ বিকেলে ভুক্তভোগী বাড়ির টিউবওয়েলে গোসল করতে গেলে অভিযুক্ত তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় বাদীর অপ্রাপ্তবয়স্ক কন্যা ঘটনাটি দেখে চিৎকার দিলে অভিযুক্ত তাকে ভয়ভীতি প্রদর্শন করে। পরে বাদীর স্ত্রী ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত পালিয়ে নিজ ঘরে আশ্রয় নেয়। স্থানীয় লোকজন তাকে আটকে রাখলেও পরবর্তীতে তার স্বজনরা এসে হামলা ও ভাঙচুর চালিয়ে তাকে পালিয়ে যেতে সহায়তা করে বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে ১৭ মে ২০২৬ তারিখে গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলাটি নং-৩৩ হিসেবে নথিভুক্ত হয়।
ঘটনার পর থেকেই র্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসামিকে গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছিল। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি অপহরণ, হত্যা, ধর্ষণসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.