রংপুরের মিঠাপুকুরে বিষাক্ত ও অতিরিক্ত মদপান করিয়ে চারজনকে হত্যার আলোচিত মামলার দুই এজাহারভুক্ত আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-১৩ সূত্রে জানা যায়, গত ৭ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র্যাব-১৩ রংপুর এবং র্যাব-৪ সাভারের একটি যৌথ দল ঢাকা জেলার আশুলিয়ার নিরিবিলি এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. রফিকুল ইসলাম (৪৫) ও মো. শফিকুল ইসলামকে (৪০) গ্রেফতার করে। তারা রংপুরের মিঠাপুকুর উপজেলার খোর্দ্দ কোমরপুর এলাকার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, অবৈধ মাদক বিক্রিকে কেন্দ্র করে নিহত সাজু মিয়ার (৫৫) সঙ্গে আসামিদের বিরোধ তৈরি হয়। এর জেরে গত ৩০ মে রাতে কৌশলে সাজু মিয়া ও তার তিন বন্ধুকে একটি আম ও মাল্টা বাগানে নিয়ে গিয়ে বিষাক্ত ও অতিরিক্ত পরিমাণ মদ পান করানো হয়।
পরে তারা নিজ নিজ বাড়িতে ফিরে গেলে সবাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ১ জুন চিকিৎসাধীন অবস্থায় সাজু মিয়া মারা যান। তার সঙ্গে থাকা অপর তিন বন্ধুও বিভিন্ন সময়ে মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় নিহতের ভাগিনা মো. জাহিদুল ইসলাম ২ জুন মিঠাপুকুর থানায় পেনাল কোডের ৩০২, ৩২৮ ও ৩৪ ধারায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পলাতক দুই আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, হত্যা, অপহরণ, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.