লালমনিরহাটের কালীগঞ্জে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের চাঞ্চল্যকর মামলার প্রধান এজাহারনামীয় আসামি মোঃ বরাত ইসলাম (১৮)-কে গ্রেফতার করেছে র্যাব-১৩। বৃহস্পতিবার (৫ জুন) দিবাগত রাতে জেলার হাতীবান্ধা উপজেলার নওদাবাস কেতকিবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বরাত ইসলাম কালীগঞ্জ উপজেলার উত্তর মুশরদ মদাতী গ্রামের মোঃ হাফিজুল ইসলামের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ মে বিকেলে ভিকটিম শিশুটি প্রতিবেশী শাহিদা বেগমের বাড়িতে খেলতে গেলে বরাত ইসলাম তার মুখ চেপে ধরে একটি ফাঁকা ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বরাত পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ২ জুন শিশুটির বাবা বাদী হয়ে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকেই বরাত আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত রাত সাড়ে ১২টার দিকে র্যাব-১৩, সিপিএসসি, রংপুর-এর একটি আভিযানিক দল হাতীবান্ধার জনৈক সাকিবুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.