পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি ছুটির সময় নিরবচ্ছিন্ন সেবা দিয়ে প্রতিদিন গড়ে ১ লাখ ৫১ হাজার ৮৭৭ জন যাত্রী পরিবহন করেছে মেট্রোরেল। এ সময়ে যাত্রীদের সুবিধার্থে নিয়মিত ট্রেন চলাচলের পাশাপাশি অতিরিক্ত ট্রেনও প্রস্তুত রাখা হয়েছিল।
বুধবার (৩ জুন) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমআরটি লাইন-৬ এর উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) আহসান উল্লাহ শরিফীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের আগে ও পরে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত মেট্রোরেল নিরবচ্ছিন্ন সেবা প্রদান করেছে। এ সময় ঈদের দিন ছাড়া অন্য দিনগুলোতে নির্ধারিত হেডওয়ে অনুযায়ী প্রতিদিন ১৪০টি ট্রিপ পরিচালনা করা হয়।
যাত্রী চাহিদা বেড়ে গেলে তাৎক্ষণিকভাবে ট্রিপ সংখ্যা বাড়ানোর লক্ষ্যে ১০টি অতিরিক্ত ট্রেন সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছিল। একই সঙ্গে সরকারি ছুটির মধ্যেও ডিএমটিসিএলের কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া মেট্রোরেল সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমও পরিচালনা করা হয়েছে।
সুষ্ঠু, নিরাপদ ও নিরবচ্ছিন্ন মেট্রোরেল পরিচালনায় সহযোগিতা করায় যাত্রী ও সংশ্লিষ্ট অংশীজনদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ডিএমটিসিএল।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
কপিরাইট © RCTV. সর্বস্বত্ব সংরক্ষিত।