অকাস নিরাপত্তা জোটের সংশোধিত চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে তিনটি ব্যবহৃত (সেকেন্ড-হ্যান্ড) পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন কিনবে অস্ট্রেলিয়া। দেশটির প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস এ তথ্য জানিয়েছেন।
রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্লেস বলেন, সংশোধিত চুক্তির ফলে অস্ট্রেলিয়া শুধু ব্যবহৃত সাবমেরিন সংগ্রহ করবে। এর ফলে ক্রয়-ব্যয় উল্লেখযোগ্যভাবে কমাতে সহায়তা করবে।
২০২১ সালে স্বাক্ষরিত মূল চুক্তি অনুযায়ী, অস্ট্রেলিয়ার অন্তত দুটি ব্যবহৃত এবং একটি নতুন ভার্জিনিয়া-শ্রেণির সাবমেরিন পাওয়ার কথা ছিল। তবে নতুন সমঝোতায় তিনটিই ব্যবহৃত সাবমেরিন হিসেবে নির্ধারণ করা হয়েছে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এই পরিবর্তনের মাধ্যমে সরবরাহ ব্যবস্থা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া আরও সহজ হবে এবং ব্যয় সাশ্রয় সর্বোচ্চ পর্যায়ে নেওয়া সম্ভব হবে।
অকাস জোটের অধীনে পরিচালিত এই প্রকল্পকে তিন দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। জোটটিতে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া।
প্রকল্পের অর্থায়নের অংশ হিসেবে যুক্তরাজ্য প্রায় ৪ বিলিয়ন পাউন্ড (প্রায় ৫.৩ বিলিয়ন মার্কিন ডলার), যুক্তরাষ্ট্র ১৭.৫ বিলিয়ন মার্কিন ডলার এবং অস্ট্রেলিয়া ৩০ বিলিয়নের বেশি অস্ট্রেলীয় ডলার (প্রায় ২০.৭ বিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।
ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ক্রমবর্ধমান ভূরাজনৈতিক প্রতিযোগিতার প্রেক্ষাপটে অকাস চুক্তি অস্ট্রেলিয়ার সামুদ্রিক প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করবে বলে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস আশা প্রকাশ করেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.