রংপুরের পীরগাছায় আতিক (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। রোববার (৩১ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দুধিয়াবাড়ি রেলগেট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আতিক উপজেলার দেউতি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী ‘বগুড়া কমিউটার’ ট্রেন ঘটনাস্থল অতিক্রম করলে স্থানীয়রা রেললাইনের পাশে মাথা বিচ্ছিন্ন অবস্থায় এক যুবকের মরদেহ দেখতে পান। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়লে তার পরিচয় শনাক্ত হয়। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রেললাইনের পাশে পড়ে আছে যুবকের মাথাবিহীন নিথর দেহ। তার হাতে মেহেদি দিয়ে লেখা ছিল ‘হোসাইন’। এছাড়া প্যান্টের পেছনের পকেটে একটি চিরকুট পাওয়া যায়। সেখানে লিখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য আমি নিজেই দায়ী। আমার জন্য দোয়া করবেন।’
পীরগাছা রেলওয়ে স্টেশন সহকারী ইউছুব আলী বলেন, ঘটনার বিষয়ে রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.