বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়াকে উপহার দেওয়ার পর ফেরত দেওয়া সেই কালো মানিক ২০ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।
রোববার (২৪ মে) বিকেল পৌনে ৬টার দিকে উত্তরার দিয়াবাড়ি পশুর হাট থেকে কালো মানিককে কিনে নেন বিপিএল সিলেট টাইটান্সের প্রধান উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি ফাহিম আল চৌধুরী। বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছেন কালো মানিকের মালিক কৃষক মো. সোহাগ মৃধা।
কালো মানিককে কেনার পর ফাহিম আল চৌধুরী সাংবাদিকদের বলেন, গত ঈদে ম্যাডামকে (খালেদা জিয়া) কালো মানিক গিফট করা হয়েছিল। ম্যাডামও গ্রহণ করেছিলেন। পরে তিনি আবার তার ছোট ছেলে জিসান মৃধাকে ফেরত দিয়েছিলেন। গরুটি বিক্রির জন্য ওনি (সোহাগ মৃধা) মার্কেটে নিয়ে এসেছেন। গরুটি ম্যাডামের আবেগের জায়গা। সেই জায়গা থেকে আমি ২০ লাখ টাকায় কিনেছি।
তিনি আরো বলেন, আমি গরুটা কিনে লাভবান। কারণ যেই গরুর স্মৃতি আমার ম্যাডামের সাথে জড়িত, সেই গরুটা আমি নিচ্ছি, সেটাই তো আমার সবচেয়ে বড় লাভ। আমি ম্যাডামের স্মৃতিকে আমার মনের মধ্যে সব সময় লালন করছি, এটাই আমার বড় লাভ।
ফাহিম চৌধুরী বলেন, কুরবানি মৃত ব্যক্তির নামে দেওয়া যায়। গরুটি ম্যাডামের নামে কুরবানি হবে। আমার বাবা-মা নাই, তাদের নামও থাকবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও নাই, ওনারও নাম থাকবে। আরাফাত রহমান কোকো সাহেবও নাই, তার নামও থাকবে।
কালো মানিকের মালিক সোহাগ মৃধা আমার দেশকে মোবাইল ফোনে জানান, রোববার সকালে কালো মানিককে তিনি উত্তরা দিয়াবাড়ি পশুর হাটে নিয়ে আসেন। বিষয়টি জানতে পেরে বিকেলে শিল্পপতি ফাহিম আল চৌধুরী ২০ লাখ টাকায় কিনে নেন।
কালো মানিককে নিয়ে আমি সিলেটে তার বাসায় আসছি। সঙ্গে স্ত্রী-সন্তানও রয়েছে।
তিনি আরো বলেন, দীর্ঘদিন যাবৎ আমার মেয়ে জান্নাতী আক্তার (৮) খুবই অসুস্থ। তার হার্টে ছিদ্র। তাকে চিকিৎসার সমস্ত দায়িত্বও তিনি নিয়েছেন।
সোহাগ মৃধা বলেন, ম্যাডাম আর বেঁচে নেই। তবে বাড়িতে এসে তিনি ম্যাডামের রুহের মাগফিরাতের জন্য দোয়া ও মিলাদের আয়োজন করবেন।
সোহাগ মৃধা পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের বাসিন্দা। তিনি আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির একজন সাধারণ কর্মী।
প্রায় সাত বছর আগে স্থানীয় চৈতা বাজার থেকে একটি ফ্রিজিয়ান জাতের গাভি কেনেন তিনি। সেই গাভীর বাচ্চা হিসেবে জন্ম নেয় কালো মানিক। আদর-যত্নে বড় হওয়া এই ষাঁড়ের ওজন এখন ১ হাজার ৮০০ কেজি, লম্বায় ১১ ফুট, উচ্চতা ৬ ফুট। তিনি ও তার পরিবারের সদস্যরা লালন-পালন করেছেন কালো রঙের ষাঁড়টি। এটির নাম রেখেছেন কালো মানিক।
আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, ২০২৩ সালের ২৮ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশে যোগ দিয়ে সোহাগ মৃধার মনে আশা জাগে—দল যদি ঘুরে দাঁড়ায়, প্রিয় নেত্রীকে কালো মানিক উপহার দেবেন। বিএনপির রাজনীতিতে নিজের ভালোবাসা প্রকাশের জন্য গত বছরের ৫ জুন তিনি এই কালো মানিকটি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য উপহার হিসেবে গুলশানে ফিরোজার বাসায় নিয়ে যান। ম্যাডাম কালো মানিক গ্রহণ করেন এবং তার ছেলে জিসান মৃধাকে ফেরত দেন। সে সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভিডিও কলে তিনি কথা বলেন। পরিবারের সবাইকে ঈদ উপহারও দেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.