স্কুল ফিডিং কর্মসূচিতে সরবরাহ করা বনরুটি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে দিনাজপুর জেলা বেকারি মালিক সমিতি। ২৩ মে শনিবার দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমিতির সভাপতি মোঃ সাইফুল্লাহ বলেন, দিনাজপুর জেলা বেকারি মালিক সমিতির আওতায় বর্তমানে ৭৫টি বেকারি রয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনে পঞ্চগড়, গাইবান্ধা, ঢাকা, মুন্সিগঞ্জ, নবাবগঞ্জ, গাজীপুর ও টঙ্গীসহ দেশের বিভিন্ন জেলায় স্কুল ফিডিং কর্মসূচির জন্য বনরুটি সরবরাহ করা হচ্ছে।
তিনি দাবি করেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কারণে দিনাজপুর থেকে ৭ থেকে ৮ ঘণ্টার মধ্যেই এসব জেলায় নিরাপদ খাদ্য হিসেবে বনরুটি পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। অথচ একটি স্বার্থান্বেষী মহল অসত্য তথ্য ছড়িয়ে বলছে, এসব খাদ্য পৌঁছাতে ৪ থেকে ৫ দিন সময় লাগে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, উৎপাদিত বনরুটিতে মানবদেহের জন্য ক্ষতিকর কোনো উপাদান ব্যবহার করা হয় না। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা ও পরীক্ষার ভিত্তিতেই এসব খাদ্য উৎপাদন ও সরবরাহ করা হচ্ছে। কাঁচামাল হিসেবে বিএসটিআই অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করা ময়দা, চিনি, তেল ও ডালডা ব্যবহার করা হয় বলেও উল্লেখ করেন নেতারা।
সমিতির নেতারা অভিযোগ করেন, কিছু কোম্পানি ও প্রতিষ্ঠান নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে "পটাশিয়াম ব্রোমেট” নামের ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অপপ্রচার চালাচ্ছে। তারা বলেন, এ ধরনের কোনো বিষাক্ত উপাদানের সঙ্গে তারা পরিচিত নন এবং নিয়মিত পরীক্ষার মাধ্যমেই খাদ্য উৎপাদন করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দিনাজপুরের বেকারি শিল্প বর্তমানে একটি বড় শিল্পখাতে পরিণত হয়েছে। এ খাতে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তাই এ শিল্প ধ্বংসের উদ্দেশ্যে যারা অপপ্রচার ও ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এসময় সমিতির সাধারণ সম্পাদক মোঃ শামিম শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.