বিশ্বকাপের উত্তেজনা যত বাড়ছে, ততই চোখ ফিরছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দিকে। ব্রাজিল ইতিমধ্যে নেইমারসহ তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে দিয়েছে, কিন্তু লিওনেল মেসির দল এখনো চূড়ান্ত ঘোষণায় অপেক্ষায়। তবে পর্দার আড়ালে কোচ লিওনেল স্কালোনি একটি স্মার্ট ও সতর্ক পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন, যাতে কাতারের মতো শেষ মুহূর্তের ইনজুরি ধাক্কা আর না খেতে হয়।
সোমবার (১৮ মে) মধ্যরাতে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেন। এতে জায়গা পেয়েছেন নেইমার জুনিয়রও। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের স্কোয়াড ঘোষণার পর এখন সবার নজর আর্জেন্টিনার দিকে।
জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি কয়েকদিন আগেই আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনে প্রাথমিক স্কোয়াড জমা দিয়েছেন। এই তালিকায় রয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। ফিফার নিয়ম অনুসারে চূড়ান্ত স্কোয়াডে সর্বোচ্চ ২৬ জন খেলোয়াড় রাখা যাবে। কিন্তু স্কালোনি এবার তার চেয়ে বেশি খেলোয়াড়কে প্রাথমিকভাবে ডাকতে চান।
টিওয়াসি স্পোর্টসের খবর অনুসারে, মে মাসের শেষ সপ্তাহে এজেইজায় দলের একাংশের অনুশীলন শুরু হবে। এরপর দল যাবে যুক্তরাষ্ট্রের ট্রেনিং ক্যাম্পে। চূড়ান্ত স্কোয়াড জমা দেওয়ার শেষ তারিখ ৩০ মে।
স্কালোনির এই পরিকল্পনার মূল লক্ষ্য, ইনজুরি মোকাবিলা। কাতার বিশ্বকাপের আগে শেষ মুহূর্তে নিকোলাস গঞ্জালেস ও হোয়াকুইন কোরেয়া চোটে ছিটকে গিয়েছিলেন। তখন ছুটিতে থাকা অ্যাঞ্জেল কোরেয়া ও থিয়াগো আলমাদাকে জরুরি ভিত্তিতে দোহায় উড়িয়ে নিয়ে যেতে হয়েছিল। এবার সেই ভুল থেকে শিক্ষা নিয়ে স্কালোনি আগেভাগেই বিকল্প প্রস্তুত রাখতে চান।
এই পরিকল্পনার কারণে চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে কয়েকটি চমক দেখা যেতে পারে। বিশেষ করে উইঙ্গার পজিশনে স্কালোনি কয়েকজনকে নজরে রেখেছেন। ৫৫ সদস্যের প্রাথমিক তালিকায় থাকা এমিলিয়ানো বুয়েন্দিয়া ও মাতিয়াস সুলে এখন আলোচনায়।
অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপা লিগের ফাইনালিস্ট বুয়েন্দিয়াকে সর্বশেষ ২০২৫ সালের নভেম্বরে অ্যাঙ্গোলার বিপক্ষে ডাকা হয়েছিল। অন্যদিকে এএস রোমার ফরোয়ার্ড মাতিয়াস সুলের এখনো আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয়নি, তবে তাকে কয়েকবার স্কোয়াডে রাখা হয়েছে।
বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দুটি প্রীতি ম্যাচ খেলবে। ৬ জুন টেক্সাসের কাইল ফিল্ডে হন্ডুরাসের বিপক্ষে। অন্য ম্যাচ ৯ জুন আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে।
২০২৬ বিশ্বকাপ শুরু হবে ১১ জুন। আর্জেন্টিনা ‘জে’ গ্রুপে আছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের সঙ্গে। তাদের প্রথম ম্যাচ ১৬ জুন কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে। ফাইনাল হবে ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.